প্রতিবেশী দেশ নেপালের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ভারত- নেপাল সীমান্তে। বৃহস্পতিবার নেপালে ভোটগ্রহণকে সামনে রেখে সিল করে দেওয়া হয়েছে ভারত- নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকা। সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৩ মার্চ থেকে ৫ মার্চ রাত ১২টা পর্যন্ত সীমান্ত সম্পূর্ণভাবে সিল রাখা হয়েছে। এই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে কোনও ধরনের আমদানি- রপ্তানি বা সাধারণ যাতায়াতের অনুমতি নেই। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন রয়েছে এসএসবি জওয়ানরা। পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকেও কড়া নজরদারি চালানো হচ্ছে। উত্তরবঙ্গের পানিট্যাংকি সহ ভারত- নেপাল সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে।
তবে সীমান্ত বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েছেন পানিট্যাংকি এলাকার ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ব্যবসার বড় অংশই নেপালের উপর নির্ভরশীল। ফলে কয়েকদিন সীমান্ত বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে রক্তক্ষয়ী যুব আন্দোলন ও কেপি শর্মা ওলি সরকারের পতনের পর এবার বড় রাজনৈতিক পরীক্ষার মুখে নেপাল।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
