শিলিগুড়ি পুরনিগমের অবৈধ নির্মাণ বিরোধী অভিযানের মাঝেই ফের বড়সড় অভিযোগ সামনে এল ৪৭ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের। বিদ্যুতের খুঁটি ঘিরে বহুতল নির্মাণের অভিযোগে বুধবার ভাঙচুর অভিযান চালায় পুরনিগম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় এক বছর ধরে প্রমোদনগরের ওই এলাকায় গড়ে উঠছিল বহুতল ভবনের নির্মাণকাজ। অভিযোগ, বাড়ির দেওয়ালের সঙ্গে প্রায় মিশিয়ে বিদ্যুতের খুঁটিটিকে পুরোপুরি ঘেরাও করে ফেলা হয়েছিল, যা দেখে মনে হচ্ছিল খুঁটিটি বাড়িরই অংশ। সরকারি নিয়ম অনুযায়ী, বিদ্যুতের খুঁটি থেকে অন্তত ৪ ফিট দূরত্ব রেখে নির্মাণের নির্দেশ থাকলেও এখানে মাত্র ২ ইঞ্চি ফাঁকা জায়গা রাখা হয়েছিল বলে জানান পুরকর্মীরা।
পুরনিগমের দাবি, বাড়ির মালিকের কাছে বারবার প্ল্যান-পাস ও বৈধ কাগজপত্র চাওয়া সত্ত্বেও কোনো উত্তর মেলেনি। এরপরই ভবনের বেআইনি অংশ গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুরনিগম।
ভাঙচুর অভিযানের দায়িত্বে থাকা পুরকর্মী সন্দীপ ভট্টাচার্য বলেন, “খুঁটি থেকে এক ইঞ্চিও দূরত্ব রাখা হয়নি। মালিক বৈধ নথি দেখাতে ব্যর্থ হয়েছেন। তাই আইন মেনেই বেআইনি অংশ ভেঙে ফেলা হয়েছে।”
