শহর শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি চতুরাগঞ্জে প্রবল বৃষ্টিতে ধস নেমে ভেঙে পড়ল একটি কারখানার সীমানা প্রাচীর। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েত ২-এর চতুরাগঞ্জ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ টানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যায়। এর জেরেই ধসে পড়ে ওই সীমানা প্রাচীর। প্রাচীর ভেঙে সরাসরি একটি ব্যাটারি চালিত টোটোর উপর পড়ে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। পাশাপাশি গবাদি পশুও আহত হয়েছে বলে খবর।
যদিও বড়সড় কোনও প্রাণহানি ঘটেনি, তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ফুলবাড়ি সংলগ্ন সাহুডাঙ্গী এলাকায় প্রতিবেশীর প্রাচীর ভেঙে পড়ে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। সেই দুঃখ কাটতে না কাটতেই ফের নতুন করে বিপত্তি ঘটল চতুরাগঞ্জে।
পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ধসে পড়া প্রাচীর সরিয়ে ক্ষতিগ্রস্ত টোটোটি উদ্ধার করেন। প্রাথমিক অনুমান, প্রবল বর্ষণের চাপেই এই দুর্ঘটনা ঘটেছে।
