শিলিগুড়ি জুড়ে বেআইনি ক্লিনিকে স্বাস্থ্য দপ্তরের হানা

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি ক্লিনিকগুলির বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে শহরের পাকুরতলা মোড় থেকে শুরু হয়ে সেবক রোড, চম্পাসারি, প্রধাননগর ও মেডিকেল এলাকাজুড়ে চলে একাধিক হানা।

স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর, বহু ক্লিনিক বৈধ লাইসেন্স বা স্বাস্থ্য দপ্তরের অনুমোদনপত্র ছাড়াই বছরের পর বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে। এদিনের অভিযানে কাগজপত্র দেখাতে না পারায় একাধিক ক্লিনিককে নোটিশ ধরানো হয়েছে।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্র আরো খবর, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে দপ্তরের কাছে জমা না দিলে, সংশ্লিষ্ট ক্লিনিক সিল করে দেওয়া হবে।

দার্জিলিং জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, শিলিগুড়ি শহরে বহু অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল। এবার সেইসব অভিযোগের ভিত্তিতে সক্রিয় হল প্রশাসন।

অভিযান চলবে আগামী দিনেও বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই এই উদ্যোগ, এমনই দাবি প্রশাসনের।