বিশাল গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হনুমান মন্দির

বুধবার গভীর রাতে শিলিগুড়ির হাসমি চক সংলগ্ন হিলকার্ড রোডে ঘটে যায় এক আকস্মিক বিপর্যয়। দীর্ঘদিনের পুরনো একটি বিশাল বটগাছ হঠাৎ ভেঙে পড়ে হনুমান মন্দিরের ওপর। গাছটি ঘিরেই ছিল ছোট্ট হলেও পরিচিত এই মন্দিরটি, যা স্থানীয়দের নিত্য ভক্তির কেন্দ্র ছিল। গাছ পড়ে যাওয়ায় মন্দিরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা মন্দিরের ভিতরে থাকা হনুমানজির মূর্তিটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। কোনও হতাহতের খবর না নেই।

বটগাছটি ভেঙে পড়ায় হাসমি চক থেকে সেবক মোড় যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা রাতে কার্যত বন্ধ হয়ে যায়। ফলে শহরের গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের কর্মীরা গাছটি সরানোর কাজ শুরু করেন। ধাপে ধাপে কেটে গাছের ডালপালা ও গুঁড়ি সরিয়ে রাস্তাটি পরিষ্কার করার চেষ্টা চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, খুব দ্রুত রাস্তাটি যান চলাচলের উপযোগী করে তোলা হবে।