শিলিগুড়িতে মন্দির ভাঙার প্রতিবাদে হনুমান চালিশা পাঠ ও বিজেপির বিক্ষোভ মিছিল

শহরের মন্দির ভাঙার অভিযোগে তুলে বিজেপির বিক্ষোভ শিলিগুড়িতে। এসএফ রোড সংলগ্ন হনুমান মন্দির রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগে তুলে শনিবার শিলিগুড়ি পুর নিগমে বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি।

ভেনাস মোড় থেকে পুর নিগম ভবন পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। পুর নিগমের ভবনের সামনে পৌঁছে হনুমান চালিশা পাঠ করে তাঁরা ধর্মের প্রতি সম্মান রক্ষার আহ্বান জানান।

এই বিক্ষোভে বিজেপি কাউন্সিলর ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ ও জেলা নেতৃত্বের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত জৈন বলেন, “রাতের অন্ধকারে মন্দির ভাঙা শুধু ধর্মীয় ভাবাবেগে আঘাত নয়, এটা সনাতন সমাজকে অপমান করার চেষ্টা।”

বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল পরিচালিত কর্পোরেশন পরিকল্পিতভাবে শহরের মন্দির ভাঙছে ও ধর্মের অনুভূতিকে আঘাত করছে। তাঁরা এই ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।