শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনায় উদ্ধার গ্যাস কাটার সামগ্রী, তদন্তে শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকায় রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের এটিএম লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন মোড়! গোসাইপুর এলাকায় রাস্তার ধারে পড়ে থাকা গ্যাস কাটার যন্ত্র ও গ্যাস সিলিন্ডার উদ্ধার করল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাইপুর এলাকায় পথচলতি মানুষজন রাস্তার ধারে সন্দেহজনক কিছু সামগ্রী পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গ্যাস কাটার, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চম্পাসাড়ির এটিএম লুটের ঘটনায় এই সামগ্রীগুলি ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে আসলেই এই উদ্ধার হওয়া সামগ্রী লুটের ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর পরীক্ষা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ শুরু হয়েছে। গোটা ঘটনার পেছনে কোনও সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। প্রশাসনের দাবি, খুব শিগগিরই পুরো ঘটনার কিনারা করা হবে।