শপিং মলের ফুড কোর্টে পাউরুটিতে ফাঙ্গাস, চিলি ফ্লেক্সে আরশোলা! শিলিগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের বড়সড় অভিযান

শিলিগুড়ির এক শপিং মলের ফুড কোর্টে মিলল একের পর এক খাদ্য অনিয়ম। শুক্রবার রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর, শিলিগুড়ি পুরনিগম সাথে দমকল বিভাগের যৌথ উদ্যোগে এই শপিং মলে অভিযান চালানো হয়। মলে উপস্থিত খাদ্য নিরাপত্তা আধিকারিকরা বিভিন্ন দোকানের রান্নাঘর ও খাবার সংরক্ষণের পদ্ধতি ঘুরে ঘুরে খতিয়ে দেখে।

অভিযানে চমকে দেওয়ার মতো চিত্র উঠে আসে। একটি বেকারির পাউরুটিতে দেখা যায় ছত্রাক বা ফাঙ্গাস। একটি আইসক্রিমের দোকানে ঘুরে বেড়াতে দেখা যায় জীবন্ত আরশোলা। আরও চমকপ্রদ তথ্য, একটি দোকানে চিলি ফ্লেক্সের কৌটোর ভিতরে ছিল ছোট ছোট আরশোলা!

পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও স্টোরেজ সংক্রান্ত একাধিক গাফিলতির প্রমাণ উঠে আসে। কোথাও রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে, কোথাও আবার রান্নাঘরের ভিতরেই স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা।

এছাড়াও ফায়ার সেফটি ব্যবস্থা নিয়েও উঠে আসে গুরুতর অভিযোগ। দেখা যায়, ফায়ার সেফটির যন্ত্রপাতি অনেক পুরনো ও মেয়াদোত্তীর্ণ।

খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে একাধিক দোকানকে আইনি নোটিস ধরানো হয়েছে। বেশ কয়েকটি দোকানকে ৭ দিনের সময়সীমা দিয়ে সতর্ক করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ না মানলে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা — এমনটাই জানিয়েছেন আধিকারিকেরা।

এই ঘটনার জেরে মলে আসা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, যদি নামীদামী শপিং মলেও এভাবে খাদ্য নিরাপত্তা নিয়ে অবহেলা চলে, তাহলে নিরাপদ খাদ্য কোথায় সাধারণ মানুষ?