টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়। এর ফলে সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে শুক্রবার বিদ্যালয়ের মাঠে হাঁটুর উপরে জল জমে যায়। ফলে পড়ুয়াদের ভিজে জল পেরিয়ে ক্লাসে প্রবেশ করতে হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় জানিয়েছেন, “স্কুলের ভেতরে জলনিকাশির ব্যবস্থা থাকলেও মাঠ থেকে বাইরের রাস্তায় জল বের হওয়ার সঠিক ব্যবস্থা নেই। ফলে মাঠে জল জমে গিয়ে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত জল বের করার চেষ্টা চলছে।”
অবস্থার খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছান ডাবগ্রাম-ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায়, ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। তারা বিদ্যালয়ের পরিস্থিতি ঘুরে দেখে আশ্বাস দেন, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সঠিক নিকাশির অভাবে বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রশাসনের উদ্যোগেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা।
