সূত্র ধরে বড় সাফল্য, মাটিগাড়ার চুরি যাওয়া বাইক উদ্ধার উত্তর দিনাজপুরে, ধৃত এক

সূত্রে ধারাবাহিক তদন্ত চালিয়ে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায়, মাটিগাড়া বাজার এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার হওয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত বছরের ৭ অক্টোবর মাটিগাড়া বাজার থেকে পালপাড়ার বাসিন্দা মিঠুন রায়ের মোটর সাইকেল চুরি যায়।

ঘটনার পর মাটিগাড়া থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ।

তদন্ত চলাকালীন একাধিক ইনফরমারকে সক্রিয় করে তথ্য সংগ্রহ করা হয়। সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে চুরি যাওয়া মোটরসাইকেলটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লায়লাগজ এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।

এরপর বুধবার বিকেলে সেখানে অভিযান চালায় স্থানীয় পুলিশকে নিয়ে মাটিগাড়া থানার পুলিশ।

অভিযান চলাকালীন পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় এক অভিযুক্ত কাদের আলাম। তবে তার বাড়ি থেকেই চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই মোহাম্মদ শরীফ (২৮) নামে অপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কাদের আলাম ও মোহাম্মদ শরীফ এই দু’জন মিলেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া মোটর সাইকেল সহ ধৃত অভিযুক্তকে মাটিগাড়া থানায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি অপর অভিযুক্ত কাদের আলামের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।