হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক মহিলা নিজের দোকান খুলতে এসে দেখতে পান পাশের দোকান থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তিনি চিৎকার করে “আগুন! আগুন!” বলতেই আশপাশের মানুষ ছুটে আসেন।
স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করে ও খবর দেয় দমকল বিভাগ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় এক বাসিন্দার কথায়, “গ্যারেজে অন্য কোনওভাবে আগুন লাগার সম্ভাবনা নেই। সম্ভবত বৈদ্যুতিক ত্রুটিই কারণ।”
সৌভাগ্যবশত বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে পাশের দোকানগুলোও ভস্মীভূত হতে পারত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও কারণ জানতে তদন্ত চলছে।
