শিলিগুড়ির খালপাড়ার একটি বেসরকারি হাসপাতালে আচমকা আগুন। প্রাথমিক অনুমান, বেসরকারি হাসপাতালে একটি এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
দ্রুত আগুন ছড়িয়ে পড়লে নার্সিংহোমের একাংশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে হয়ে ছোটাছুটি শুরু করে রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। পাশাপাশি, খালপাড়া আউটপোস্টের পুলিশবাহিনীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি, তবে বেসরকারি হাসপাতালে অফিস ঘরে কিছু সামগ্রী পুড়ে গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলেও, দমকল ও পুলিশের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে সমস্ত রোগী ও স্টাফ নিরাপদে রয়েছে।
