মাটিগাড়া বিডিও অফিসে আগুন, দমকলের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল

শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া বিডিও অফিসে মঙ্গলবার আচমকা আগুনের ঘটনা। আগুন লাগে অফিসের মূল গেটের উপরের প্লাস্টিকের কার্নিশে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন অফিসের কর্মীরা।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। অফিসের কর্মীরা প্রাথমিকভাবে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ও সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। তাদের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, আগুন অফিসের ভিতরে ছড়িয়ে পড়েনি, ফলে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

প্রাথমিক অনুমান, বৈদ্যুতিন শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কার্যালয়ে অগ্নিনির্বাপন ব্যবস্থাকে আরও জোরদার করা হবে।