৩১ নম্বর জাতীয় সড়কে ভ*য়াবহ সড়ক দু*র্ঘটনা, নি*হত ২, গুরু*তর আ*হত ৩

শিলিগুড়ি – কলকাতা গামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিজলিমনি এলাকায় একটি বিকল তেলবোঝাই ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারল দ্রুত গতির ট্রাক। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের, গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বেসরকারি তেলের ট্যাঙ্কার খারাপ হয়ে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ওই ট্যাঙ্কার সারাই করার জন্য একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন যুবক সেখানে উপস্থিত হয়। সেই সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানটিকে ও তারপর তেলবোঝাই ট্যাঙ্কারটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

ধাক্কার জেরে তেলবোঝাই ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুনে ঝলসে যাওয়া ও রক্তাক্ত আহতদের উদ্ধার করে। খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দমকল বাহিনীকে খবর দেয়। নকশালবাড়ি ও মাটিগাড়া থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার ফলে ওই জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। মৃত ও আহতদের নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। বিধাননগর থানার পুলিশ সূত্রে খবর, আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ও ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।