চাকরি ফেরতের দাবিতে দিল্লির পথে শিক্ষা কর্মীরা! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা ও ধর্না কর্মসূচি ২৩-২৫ জুলাই

এসএসসি দুর্নীতির জেরে চাকরি হারানো রাজ্যের বহু শিক্ষক-শিক্ষিকা এবার তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে পাড়ি দিলো রাজধানী দিল্লির পথে। তাঁদের দাবি—যোগ্য প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে সাথে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা পৃথকভাবে প্রকাশ করতে হবে।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর নেতৃত্বে উত্তরবঙ্গের শিলিগুড়ি-সহ একাধিক জেলা থেকে শিক্ষক-শিক্ষিকারা ইতিমধ্যেই রওনা হয়েছে। জানা যায় আগামী ২৩ ও ২৪ জুলাই দিল্লির রামলীলা ময়দানে ও ২৫ জুলাই যন্তরমন্তরে ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আবেদন জানানো হয়েছে তাঁদের পক্ষ থেকে।

সংগঠনের এক সদস্য জানান, “কলকাতার বিকাশ ভবনের সামনেই আন্দোলন চলছে। কিন্তু সময় হাতে খুবই কম। মাত্র পাঁচ মাস। তার মধ্যেই যদি সমাধান না হয়, তাহলে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়বে।”

দিল্লিতে অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাঁরা চাইছেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক ও রাজ্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য করুক।

এই আন্দোলন রাজ্যজুড়ে ফের একবার শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোরকে সামনে এনে দিয়েছে।