রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা, শতবর্ষের প্রস্তুতিতে মাতোয়ারা ‘মিত্র সম্মেলন’ পুজো কমিটি

রথযাত্রার পবিত্র দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল শিলিগুড়ির অন্যতম প্রাচীন দুর্গাপুজো — ‘মিত্র সম্মেলন’-এর দুর্গোৎসব। এবছর এই ঐতিহ্যবাহী পুজো পদার্পণ করছে ৯৯ তম বর্ষে। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উদ্যোক্তারা চাইছেন আয়োজনে যেন কোনো খামতি না থাকে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ির আবেগ ও গৌরবের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজো। তাই পরের বছরের শতবর্ষের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতেই এ বছরের আয়োজনেও রাখঢাক নেই। খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হতেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।

পুজো কমিটির এক সদস্য জানান, “শতবর্ষে পা দেওয়ার আগে এবারের দুর্গাপুজোকে আমরা মনে রাখার মতো করে তুলতে চাই। আমাদের পুজো শুধু আরাধনার মধ্যে সীমাবদ্ধ নয়, শিলিগুড়ির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।”

রথযাত্রার দিনে খুঁটি পুজোর এই শুভ সূচনা শহরের পুজোপ্রেমীদের মনেও ঢেলে দিল উৎসবের প্রথম আনন্দধারা। পুজোর দিনগুলির দিকে তাকিয়ে এখন থেকেই শহরের মানুষ অধীর আগ্রহে দিন গুনতে শুরু করেছে।