পহেলগামের জঙ্গি হামলার আবহে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর পর্যটনকে স্বাভাবিক করার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার শুভেন্দু সাংবাদিকদের বলেন, “কাশ্মীরে যেতে হলে জম্মুতে যান। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না।”
এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুভেন্দুর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। মন্ত্রী শশী পাঁজাও এর পাল্টা জবাব দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে রাজ্যের পর্যটকদের পহেলগাম পরিদর্শনের আহ্বান জানান এবং কেন্দ্রকে আরও পর্যটক টানতে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক বার্তার বিপরীতে শুভেন্দুর মন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।
শুভেন্দু আরও বলেন, “পুরো দেশ ঘোরা উচিত। কিন্তু বাংলার মানুষদের বলছি, যেখানে মুসলিম বেশি, সেখানে যাবেন না। আগে প্রাণ। জীবন রক্ষা করুন। ছোট ছোট শিশু, দিদি, বোনদের রক্ষা করুন।”
