উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃ*ত*দে*হ খু*ব*লে খেল কুকুর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতালের করিডোরে পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ খুবলে খেল কুকুর।

জানা গেছে, মৃত ব্যক্তি একজন অজ্ঞতাপরিচয় ভবঘুরে। তাকে বেশ কিছুদিন ধরেই হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। রাতে হাসপাতাল করিডোরেই ঘুমোত সে। বুধবারও তাকে এই করিডোরে দেখেছেন অনেকেই। মনে করা হচ্ছে রাতেই কোনোভাবে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তারক্ষীরা এই করিডোরে এলে দেখতে পান, পড়ে থাকা মৃতদেহের একটি পা খুবলে খাচ্ছে কুকুর। বিষয়টি দেখা মাত্র মৃতদেহটিকে মেডিকেলের মর্গ-এ পাঠানো হয়।

ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞান ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হাসপাতালে কুকুরের সমস্যা মেনে নিয়েছেন খোদ হাসপাতাল সুপার। তিনি জানান, এই সমস্যা সমাধান করতে বহুবার বৈঠক ও চিঠিপত্র করা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কুকুরের পাশাপাশি হাসপাতালে প্রতিদিন ভবঘুরের সংখ্যাও বাড়ছে। বড় ক্যাম্পাস হওয়ায় ও সঠিকভাবে দেওয়াল দিয়ে ঘেরা না থাকার ফলে এই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহটির পরিচয় জানা যায়নি। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে মেডিকেল ফাঁড়ির পুলিশ।