রেলকর্মীদের আর্থিক নিরাপত্তা ও মৃত্যুজনিত সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এক পদক্ষেপ গ্রহণ করল রেল কর্তৃপক্ষ। রেল সুরক্ষা পুনর্বাসন (RSP) প্রকল্পের আওতায় প্রয়াত লোকো পাইলট অনিল কুমারের পরিবারকে ৪০ লক্ষ টাকার ডেথ বেনিফিট প্রদান করা হয়।
প্রয়াত অনিল কুমার, যিনি এনজেপি রেলওয়ে বিভাগের মালগাড়ির লোকো পাইলট হিসেবে কর্মরত ছিলেন, গত ১৭ জুন ২০২৪ এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর আরএসপি অ্যাকাউন্টের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয় থেকে এই ডেথ বেনিফিট প্রদান করা হয়।
এনজেপি ADRM অফিস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত রেলকর্মীর স্ত্রী রোশনি কুমারীর হাতে ৪০ লক্ষ টাকার চেক তুলে দেন এনজেপির অতিরিক্ত বিভাগীয় রেল ব্যবস্থাপক (ADRM) অজয় সিং ও এসবিআই শিলিগুড়ি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক অভিষেক দে।
এই অনুষ্ঠানে অনিল কুমারের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন NFREU (এনএফআরইউ) এনজেপি শাখার শাখা সম্পাদক রণজয় চন্দ, যুগ্ম সম্পাদক রাজু সেনগুপ্ত, সভাপতি প্রবীর দেব, আরএন অধিকার ও প্রতিনিধি হিসেবে সুমিত রাউত ও অনিকেস বৌশ্য।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, এই আর্থিক সহায়তা কেবল একটি সহানুভূতিশীল পদক্ষেপ নয়, বরং রেলকর্মীদের মধ্যে আরএসপি প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যও বহন করে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও কর্মীদের অনুপ্রাণিত করবে প্রকল্পে অংশ নিতে ও নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।
