রাঙাপানি রেলওয়ে ওভারব্রিজের শিলান্যাস করলেন দার্জিলিংয়ের সাংসদ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! রাঙাপানি রেল ওভারব্রিজের শিলান্যাস করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। নির্মাণের জন্যে ৭০ কোটি বরাদ্দ কেন্দ্রের।

জানা গিয়েছে, রাঙাপানি এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রেল ওভারব্রিজ না থাকার কারণে ভীষণভাবে ভুগেছেন। শিলিগুড়ির মাটিগাড়া ও চটহাট রাজ্য সড়কে সাধারণ মানুষের যন্ত্রণার কারণ ছিল এই লেভেল ক্রসিং।এর জেরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষন আটকে থাকতে হতো মূমূর্ষ রোগী, প্রসূতি বহনকারী অ্যাম্বুলেন্সকে।বর্তমানে এনজপি রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই লেভেল ক্রসিং অধিকাংশ সময় বন্ধ থাকে।যার জেরে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন ২ বিজেপি বিধায়ক ও কাটিহার ডিভিশনের ডিআর‌এম। আগামী দেড় বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ডিআর‌এম।অন্যদিকে সাংসদ রাজু বিস্ত জানান, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজ হচ্ছে। বছরের শুরুতেই উপহার পেয়েছেন এখানকার জনগন।৭০ কোটি টাকায় এই ‌ওভারব্রিজ তৈরি হবে।এর জেরে খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, মাটিগাড়া ও ফুলবাড়ির মানুষ উপকৃত হবেন।রাজ্য সরকারের অসহযোগিতার জেরে এতদিন এই কাজ হয়নি।তৃণমূল সরকার উন্নয়ন না করে শুধু রোহিঙ্গাদের কাজ করে।