শিলিগুড়িতে অপরাধ বাড়ছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন! বিক্ষোভে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ

শহর শিলিগুড়িতে প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই, এমনকি ডাকাতির মতো অপরাধমূলক কার্যকলাপ। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।

বুধবার সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এসএফ রোড থেকে শুরু হয়ে শিলিগুড়ি থানার মেনগেটের রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয় বিক্ষোভকারীরা।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরের মানুষ প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অথচ পুলিশ প্রশাসন পুরোপুরি উদাসীন। অপরাধ রুখতে তারা কার্যত ব্যর্থ। এমন পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করা হয়।

বিক্ষোভ ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।