ভুয়ো ভাউচার দেখিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন তেহট্টের কানাইনগর পঞ্চায়েতের সিপিএম প্রধান টগরী ঘোষ। বিডিও-র লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে তেহট্ট থানার পুলিশ।
বেশ কয়েক মাস ধরে পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ উঠছিল টগরী ঘোষের বিরুদ্ধে। ঠিকাদারকে নিয়ম বহির্ভূতভাবে টাকা দেওয়া এবং সরকারি কাজের সরঞ্জাম কেনার নাম করে ভুয়ো ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পর ব্লক অফিস থেকে তদন্ত শুরু করা হয়।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তেহট্ট ১ ব্লকের বিডিও সঞ্জীব সেন মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ প্রধান টগরী ঘোষকে গ্রেপ্তার করে। তাকে বুধবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হবে।
তৃণমূল নেতা রজব মণ্ডল বলেন, “এই প্রধান প্রথম থেকেই দুর্নীতি করে আসছে। আমরা আগেই বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলাম।” অন্যদিকে, সিপিএম এই গ্রেপ্তারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
