কোচবিহারের SP-র বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ, ১০ জন গ্রেপ্তার

কালীপুজোর রাতে বাজি ফাটানো নিয়ে কোচবিহারের পুলিশ সুপার (SP) দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে লাঠিচার্জ ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বাংলোর পাশে বাজি পোড়ানোয় পোষ্যদের অসুবিধা হওয়ায়, এসপি নিজে হাফপ্যান্ট ও ফেট্টি পরে রাস্তায় বেরিয়ে মহিলা ও শিশুদের মারধর ও লাঠিচার্জ করেন বলে দাবি স্থানীয়দের।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা পথ অবরোধ করলে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের আদালতে তোলা হলে তিনজন মহিলার জামিন হলেও, পাঁচজনের পুলিশ রিমান্ড এবং দু’জনের জেল হেফাজত হয়।

এসপি দ্যুতিমান ভট্টাচার্য মারধরের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, রাত ১টা পর্যন্ত বাজি ফাটানো চলছিল এবং বারবার নিষেধ করা সত্ত্বেও কেউ শোনেননি। তবে এসপি-র মাথায় ফেট্টি বাঁধা একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।