‘বাংলার বাড়ি’ ঘিরে বিত*র্ক, তৃণমূল কর্মীরাই পাচ্ছেন ঘর – অভিযোগ বিজেপির

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আদর্শ পল্লী ভেলকি পাড়ায় ‘বাংলার বাড়ি’ প্রকল্প ও বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য রোহিনি বর্মনের অভিযোগ, বেছে বেছে তৃণমূল নেতাকর্মীদেরই বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোহিনি বর্মন বলেন, তিনি এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য হলেও গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাঁর অজান্তেই করা হচ্ছে। তাঁর দাবি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় এলাকায় কাজ শুরু করা হয়েছে, কিন্তু সেই কাজের শিলান্যাস করা হয়েছে তাঁকে না জানিয়েই।

এছাড়াও তাঁর অভিযোগ, গ্রামের তৃণমূল কর্মীদের মধ্যে অনেকেই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজগঞ্জের বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। একই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দা জ্যোতিষ বর্মনও।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ। তাঁর দাবি, বিজেপির কোনও কাজ নেই, তাই তারা শুধুমাত্র অভিযোগ করছে। তিনি বলেন, বাংলার বাড়ির তালিকা অনেক আগেই তৈরি হয়েছে ও সেই তালিকা অনুযায়ীই কাজ চলছে।

পাশাপাশি তিনি বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের দিকেও আঙুল তুলে বলেন, ভোটে জিতে তিনি এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি। অথচ পঞ্চায়েতের তরফে উন্নয়নমূলক কাজ করা হলেও তা নিয়েও অভিযোগ তোলা হচ্ছে।