নদীতে না গিয়েও ছটপুজো! মন্দির প্রাঙ্গণে কৃত্রিম জলাশয়ের সামনে সূর্যবন্দনা, নজির গড়ল মিলন সমিতি

বড় নদী কিংবা দূরের কোনো ঘাট নয় — মন্দিরের অন্দরেই বানানো কৃত্রিম জলাশয়ের সামনে দাঁড়িয়েই সূর্যবন্দনায় মাতলেন ছটব্রতীরা। শিলিগুড়ির বিদ্যাসাগর পল্লীর শীতলা ও কালী মন্দির প্রাঙ্গণে মিলন সমিতির উদ্যোগে এই অভিনব ছটপুজোর আয়োজন এখন মানুষের মনে আলাদা শ্রদ্ধা কুড়োচ্ছে।

২০১৭ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মূল ভাবনা —“পুজো হোক, কিন্তু জীবনের ঝুঁকি নয় — নিরাপদ, পরিচ্ছন্ন, সহজলভ্য পথে।”

এ বছরও প্রায় ২০ জন ছটব্রতী সেই কৃত্রিম জলাশয়ের সামনে দাঁড়িয়ে সন্ধ্যার অর্ঘ্য দিচ্ছে। আলো, ফুল ও মাটির প্রদীপে সেজে উঠল মন্দির চত্বর।

মিলন সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষ বলেন, “কেউ যাতে নদীতে গিয়ে অসুবিধার মুখে না পড়েন, সেই কারণেই ২০১৭ সাল থেকেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে মানুষ বাড়ির কাছেই নিরাপদে ছটপুজো করতে পারেন।”