ফের চেন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল শহরের শান্তিনগর এলাকায়। বৃহস্পতিবার ভোরবেলা শান্তিনগরের বউবাজার অঞ্চলে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বাইকে করে এসে মুহূর্তের মধ্যেই ছিনতাই করে পালিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই মহিলা সকালবেলায় বাড়ির আবর্জনা ফেলতে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় হঠাৎ করেই একটি বাইকে করে দুই যুবক তার সামনে এসে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে এক যুবক ঝাঁপিয়ে পড়ে মহিলার ওপর, গলা চেপে ধরে ছিনিয়ে নেয় সোনার হারটি। তারপরই দ্রুত বাইক দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা।
চোখের সামনে এমন ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। বিষয়টি দ্রুত জানানো হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে। সূত্রের খবর, ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয়দের অভিযোগ, শান্তিনগর এলাকায় পুলিশি টহল অত্যন্ত কম। যার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা। তাদের দাবি, বিশেষ করে ভোর ও রাতের বেলায় পুলিশের টহল আরও জোরদার করা হোক। নাগরিকদের মতে, সকালে রাস্তায় বের হওয়া এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশের দ্রুত সক্রিয়তাই এখন তাদের প্রধান প্রত্যাশা।
