শিলিগুড়িতে বাস দুর্ঘটনা, আহত অন্তত ৫০ জন

শিলিগুড়ি মহকুমার সদরগছ এলাকায় সড়ক দুর্ঘটনা। শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তায়। ঘটনাস্থল সদরগছ, যেখানে হঠাৎ বাঁক নিতে গিয়েই বাসটি উল্টে যায় বলে প্রাথমিক অনুমান।

দুর্ঘটনার তীব্রতায় বাসের মধ্যে থাকা প্রায় ৫০ জন যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পরে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বাস চালকের গাফিলতি, যান্ত্রিক ত্রুটি না কি অতিরিক্ত গতি — সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।