এসআইআর প্রকল্পের অতিরিক্ত কাজের চাপে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আচমকা ক্ষোভে ফেটে পড়লেন বিএলও (বুথ লেভেল অফিসার)-রা। নির্ধারিত প্রশিক্ষণ বৈঠকেই শুরু হয় স্লোগান, বিক্ষোভ ও তীব্র উত্তেজনা। ঘটনাচক্রে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও বিক্ষোভের মুখে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হন।
বিএলওদের অভিযোগ, তাদের মূল দায়িত্ব ছিল এনুমারেশন ফর্ম বিলি করা ও ফর্ম ফিল-আপ করিয়ে নেওয়া। কিন্তু হঠাৎ করেই তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ডিজিটালাইজেশন-এর মতো অতিরিক্ত ও জটিল কাজ, যা তারা কোনওভাবেই গ্রহণযোগ্য বলে মনে করছেন না।
তাদের ক্ষোভ— প্রতিটি বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া, মানুষকে ফর্ম কীভাবে পূরণ করতে হবে তা শেখানো, পরে বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম সংগ্রহ করা। তার ওপর ডিজিটালাইজেশনের কাজের অতিরিক্ত দায়িত্ব ও সরকারি নথিতে ব্যক্তিগত মোবাইল নম্বর যুক্ত থাকায় সকাল থেকে রাত অবধি অসংখ্য ফোন। ফলে মানসিক চাপ সাথে পারিবারিক সময় পুরোপুরি নষ্ট হচ্ছে।
বিএলওদের সাফ বক্তব্য, “ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করতে রাজি, কিন্তু ডিজিটালাইজেশনের কাজ কোনওভাবেই নয়।”
এই দাবিকে সামনে রেখেই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তারা সরব হন। স্লোগান তুলে, বিক্ষোভ দেখান, ফলে পুরো প্রশিক্ষণ বৈঠক বিশৃঙ্খল হয়ে পড়ে।নির্বাচন কমিশনের উপস্থিত আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে সভাস্থল ছেড়ে চলে যান।
