উত্তরকন্যা অভিযান নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চার তোপ

২১ জুলাই’র উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ জানালেন, উত্তরকন্যা অভিযান নিয়ে পুলিশের অনুমতি না মেলায় তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।

ইন্দ্রনীলবাবুর অভিযোগ, বিজেপি যুব মোর্চার গণআন্দোলনকে রুখতেই উত্তরকন্যা অভিযানের অনুমতি দিচ্ছে না প্রশাসন।

তিনি আরও বলেন, “বর্তমানে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। সাধারণ মানুষের কথা কেউ শুনছে না। তাই এই শান্তিপূর্ণ আন্দোলন।”

বিজেপি যুব মোর্চা রাজ্য নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়, অনুমতি না মিললেও তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলে দলের অন্যান্য জেলা ও রাজ্যস্তরের নেতারাও।

বলা যায়, আগামী ২১ জুলাই উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তরের রাজনীতিতে ফের একবার উত্তাপ ছড়ানোর সম্ভাবনা। এখন দেখার, আদালতের রায়ে কী সিদ্ধান্ত আসে সাথে রাজ্য সরকার কী অবস্থান নেয়।