নয়া ঘোষণা, পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। একধাক্কায় ২৫,০০০ কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে টিসিএসের নতুন অফিস তৈরি হচ্ছে। সরকারিভাবে সেই অফিস নির্মাণে ছাড়পত্র দিয়েছে এনকেডিএ।
নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বেঙ্গল সিলিকন ভ্যালিতে ২০ একর জমির উপর টিসিএসের নতুন অফিস ক্যাম্পাসের ফেজ ওয়ান বিল্ডিং প্ল্যানে ছাড়পত্র দিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)’। মমতা জানান, ‘প্রথম ধাপে ১১ তলা অফিস টাওয়ার সহ ৯ লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো নির্মাণ করা হবে।
সেখানে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। এরপর দ্বিতীয় ধাপে আর ১৫ লক্ষ বর্গফুট যুক্ত হবে। ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ২৪ লক্ষ বর্গ ফুট জায়গায় ২৫,০০০ সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে’।
