জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। আগামী কলকাতা পুরসভায় বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তার আগেই ভাষা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে পুরসভার কাউন্সিলরদের কাছে অনুরোধ করা হয়েছে, এ বছরের বাজেট অধিবেশনে যেন সকলেই বাংলায় বক্তৃতা করেন। প্রতি বছরই দেখা যায়, বাজেট আলোচনায় অনেক কাউন্সিলর হিন্দি বা ইংরেজিতে বক্তব্য রাখেন। কিন্তু চলতি বছরে সেই প্রথা বদলাতে চায় শাসকদল।
রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে যখন গেরুয়া শিবির তৃণমূলকে আক্রমণ করছে, তখন তৃণমূল শিবির বাংলাকেই সামনে এনে পাল্টা বার্তা দিতে চাইছে। বিশেষ করে কলকাতার মতো রাজধানী শহরের পুরসভায় সমস্ত আলোচনা বাংলাতেই হোক, এমনই আবেদন জানানো হয়েছে।
