কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষান মোর্চার ডাকা ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে বৃহস্পতিবার শিলিগুড়িতে ব্যাংক পরিষেবায় প্রভাব লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একাংশে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বলে জানা গেছে।
ধর্মঘটের সমর্থনে হিলকার্ট রোডে ইউনিয়ন ব্যাংকের কর্মচারী সংগঠনের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাঁরা নিজেদের দাবি সমর্থনে অবস্থান নিয়ে স্লোগান তোলেন।
অন্যদিকে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা হিলকার্ট রোড ও বিধান রোডের বেশ কিছু দোকানপাট সকাল থেকে বন্ধ ছিল। তবে এদিন থেকেই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় গণপরিবহনকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়। ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে বড় ধরনের কোনও সমস্যা হয়নি। সরকারি ও বেসরকারি যানবাহন রাস্তায় চলাচল করেছে স্বাভাবিকভাবেই।
ধর্মঘট সমর্থনকারীদের দাবি, ব্যাংক ও বাণিজ্যিক ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে ধর্মঘট সফল হয়েছে। যদিও সামগ্রিকভাবে শহরের জনজীবন আংশিক প্রভাবিত হলেও পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।
