শিলিগুড়ির পানিট্যাংকিতে বাংলাদেশি যুবক গ্রে*ফতার, তদন্তে নেমেছে পুলিশ

ভারত–নেপাল সীমান্ত সংলগ্ন শিলিগুড়ির পানিট্যাংকি এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল এসএসবি। রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই যুবককে আটক করে।

ধৃতের নাম মহৎ চন্দ্র (৩৯), বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা। তার কাছ থেকে বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মহৎ চন্দ্র। বর্তমানে সে শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলো।

রবিবার রাতে তাকে আটক করার পর এসএসবি ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। কেন সে বাংলাদেশ থেকে ভারতে এসে সীমান্তবর্তী এলাকায় বসবাস করছিলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।