সীমান্তে বাংলাদেশি নাগরিক আটক, নকশালবাড়ি থানায় গ্রেফতার

ভারত-নেপাল সীমান্তে বড় সাফল্য পেল এসএসবি। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক ব্যক্তিকে। সন্দেহজনক আচরণ দেখে তাঁকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে জওয়ানরা।

প্রাথমিকভাবে সে কোনও বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় তাকে জিজ্ঞাসাবাদে বসানো হয়। তৎপরতার সঙ্গে চলে তদন্ত। এক পর্যায়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক।

ধৃতের নাম সুকুমার চন্দ্র শীল (৩৫)। সে বাংলাদেশের তেতুলিয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তাকে সীমান্ত পার করতে সহায়তা করে আরও এক বাংলাদেশি নাগরিক, রফিক নামে এক ব্যক্তি।

ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ এসএসবির কাছ থেকে ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। তাঁকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে সীমান্তে নজরদারি যে কড়া রয়েছে, এই ঘটনায় তা ফের প্রমাণিত হল।