শিলিগুড়িতে ফের এটিএম লুট! অম্বিকানগর থেকে চুরি করা গাড়ি, হিমাচল বিহারে ফেলে চম্পট দুষ্কৃতীদের

আবারও রাতের অন্ধকারে দুঃসাহসী লুটপাটে কেঁপে উঠল শিলিগুড়ি। ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে পালাল একদল দুষ্কৃতী। পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থাকে কার্যত চোখে আঙুল দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিল লুটের পরপর ঘটনা।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে, আনুমানিক তিনটে নাগাদ একটি সাদা রঙের চারচাকা গাড়িতে করে ঘটনাস্থলে আসে দুষ্কৃতীরা। তারা গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা বের করার সময় মেশিনে আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডাবগ্রাম-ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুষ্কৃতীরা এটিএম থেকে কয়েক লক্ষ টাকা লুট করে পালায়। ঘটনাস্থলে কোনো স্পষ্ট সিসিটিভি ফুটেজ না থাকায় পুলিশ কিছুটা সমস্যায় পড়ে।

ঘটনার ঠিক পরেই আশিঘর ফাঁড়ির একটি পুলিশ ভ্যান সন্দেহজনক সাদা গাড়িটিকে দেখতে পায় ও ধাওয়া করে। কিন্তু ইস্টার্ন বাইপাস ধরে গাড়িটি আশিঘর মোড় হয়ে ঘোগোমালি এলাকায় প্রবেশ করে এবং গতি বাড়িয়ে পালিয়ে যায়। পুলিশের গাড়ি সেই গতিতে পৌঁছাতে না পারায় ফের ধরা ছাড়া থেকে যায় লুটের দল।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয়, যে গাড়িটি ব্যবহার করা হয়েছে লুটে, সেটি অম্বিকানগর এলাকা থেকে কিছু সময় আগেই চুরি করা হয়েছিল। পরে সেটি হিমাচল বিহারে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গাড়িটির নম্বর ছিল ট্যাক্সি লাইসেন্সের অন্তর্গত। এটিএম বুথের সিসিটিভি ক্যামেরাগুলিতে স্প্রে করে চিত্র অস্পষ্ট করে দেওয়া হয় বলেও প্রমাণ মিলেছে।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ একের পর এক লুটের ঘটনার সামনে পড়ে রীতিমতো অস্বস্তিতে।
গত এক মাসেই শহরে ২টি এটিএম লুট ও সোনার দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে।