চা পাতা চুরির ঘটনায় গ্রেপ্তার

চা পাতা চুরির ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগীকে রিমান্ডে এনে উদ্ধার হল বিপুল পরিমাণ চা পাতা ও চুরির কাজে ব্যবহৃত মোটরবাইক।

শিলিগুড়ি মেট্রোপলিট ট্রেন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় দায়ের হওয়া চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার উত্তম বর্মন ও তার সঙ্গী বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত ছিলো বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এনজেপি সংলগ্ন টি পার্ক এলাকা থেকে চা পাতা বোঝাই চলন্ত গাড়িগুলি লক্ষ্য করত ধৃতরা। সুযোগ পেলেই গাড়ির গতি কমে আসার সময় বাম্পারের সামনে থেকে চা পাতার বস্তা নামিয়ে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হত। শুধু চা পাতা নয়, পথ চলতি বিভিন্ন গাড়ি থেকেও সামগ্রী চুরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

তদন্তে নেমে গত শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অম্বিকানগর সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনির একটি ঘর থেকে প্রায় ৩২ কেজি চা পাতা উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।