মদ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং। ধৃতের নাম মুকুন্দ যাদব, বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে প্রধাননগর থানার অন্তর্গত জংশন এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ধৃতকে আটক করা হয়। ওই সময় সে একটি ট্রলি ব্যাগ নিয়ে বিহারের বাস ধরার অপেক্ষায় ছিলো। পুলিশি তল্লাশিতে ধৃতের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় ৪৮ বোতল অবৈধ মদ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে এই মদ বিহারে পাচার করে বিক্রির পরিকল্পনা ছিল ধৃতের। উল্লেখযোগ্যভাবে, বিহার রাজ্যে মদ বিক্রি ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা ভেঙেই গোপনে এই মদ পাচারের চেষ্টা চালাচ্ছিলেন মুকুন্দ যাদব।
ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে। একইসঙ্গে কীভাবে এই মদ সংগ্রহ করা হয়েছিল সাথে এর নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং।
এই ঘটনার পর শিলিগুড়ি এলাকায় বেআইনি মদ পাচার নিয়ে আরও কড়া নজরদারির বার্তা দিল পুলিশ প্রশাসন।
