শিলিগুড়িতে ফের চু*রি! উ*ধাও হাজার হাজার টাকার সামগ্রী

শহরে ফের মাথাচাড়া দিচ্ছে চুরি। আশিঘর ইস্টার্ন বাইপাসের ফকদিয়া বাড়ির মোড়ের কাছে একটি হার্ডওয়্যার দোকানে টিনের চাল কেটে ভিতরে ঢুকে চুরি করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকানের মালিক শঙ্কর সেন। কিন্তু বুধবার সকালে দোকান খুলতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য—ক্যাশ বাক্স ভাঙা, দোকানের জিনিসপত্র ছড়িয়ে – ছিটিয়ে, আর মাথার ওপর টিনের চাল কেটে রাখা।

দোকানে ঢুকেই মালিক অনুমান করেন রাতের অন্ধকারে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ও দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। তবে রহস্য বাড়িয়েছে একটি তথ্য—মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা গেলেও তারপর থেকে কোনও ভিডিও রেকর্ড নেই।

শঙ্কর সেন জানান, তিনি আগের রাতে ক্যাশে কিছু টাকা রেখে গিয়েছিলেন। বিলবই সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উধাও। অনুমান, মোট ৭০ থেকে ৮০ হাজার টাকার সহ জিনিসপত্র নিয়ে চোরের দল চম্পট দিয়েছে।

উল্লেখ্য, আশিঘর ফাঁড়ির এলাকায় গত কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এদিনের ঘটনার পর উদ্বেগ ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। চুরির ঘটনার নেপথ্যে কারা, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের সন্ধানে নেমেছে পুলিশ।