শিলিগুড়িতে সোনার দোকানে ডাকাতিতে বিহার থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

হিলকার্ট রোডের একটি নামী সোনার দোকানে আনুমানিক ২০ কোটি টাকার সোনা ও হীরের অলংকার ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরও এক অভিযুক্তকে।

ধৃতের নাম মোহাম্মদ আশান (৩৭), বাড়ি বিহারের দারভাঙ্গার জামালপুর থানার অন্তর্গত বোরাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার হিলকার্ট রোডে অবস্থিত সোনার দোকান থেকে আটজনের এক ডাকাত দল বিপুল পরিমাণ মূল্যবান অলংকার লুট করে।

ঘটনার পরপরই দুই দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মোহাম্মদ আশানের নাম। তারপরই পুলিশের বিশেষ দল পাঠিয়ে বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এখনো অধরা পাঁচ অভিযুক্ত, যার মধ্যে রয়েছেন দুই মহিলা।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দলের একটি সুপরিকল্পিত চক্র রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি।

শহরের ব্যস্ততম এলাকায় এমন ডাকাতি উদ্বেগ ছড়িয়েছে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে। পুলিশের দাবি, খুব শীঘ্রই পুরো চক্রকে ধরতে সক্ষম হবে তারা।