শিলিগুড়িতে বিজেপির কর্মী সম্মেলনে অমিত শাহ

আজ বঙ্গে বিজেপির দু’টি গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। এই কর্মসূচিতে বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বারাসাত এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জানা যায় সকাল ১১টা ১০ মিনিটে ব্যারাকপুরে পৌঁছানোর কথা রয়েছে অমিত শাহের।

ব্যারাকপুরের কর্মসূচি শেষ করে কলকাতা বিমানবন্দর হয়ে তিনি রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশে। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স মাঠে অনুষ্ঠিত হবে শিলিগুড়ি বিভাগের কর্মী সম্মেলন।

সেখানে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই পাঁচটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের ডাকা হয়েছে। বিজেপি সূত্র খবর,  বেলা ৩টা ২০ মিনিটে ওই সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

দিনভর কর্মসূচি শেষে অমিত শাহ বাগডোগরা বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।