শহরের ব্যস্ততম সেবক রোডে গভীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক হিট অ্যান্ড রান কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হল অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন মুরগীহাটি এলাকার বাসিন্দা।
গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ ভক্তিনগর থেকে পানিট্যাংকির দিকে হেঁটে যাচ্ছিলেন এক যুবক ও এক যুবতী।
অভিযোগ, সেই সময় দ্রুতগতিতে আসা একটি চারচাকা গাড়ি সেবক রোডে সজোরে ধাক্কা মারে তাঁদের। ধাক্কার জেরে প্রায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত দু’জনকে টেনে নিয়ে যায় গাড়িটি। এরপর সামনে থাকা একটি টোটোতেও ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক।
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। গুরুতর আহত অবস্থায় যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে পুলিশ। সোমবার সকালে শহরের একটি গাড়ির শোরুম থেকে উদ্ধার হয় ঘাতক গাড়িটি। তদন্তে নেমে গাড়ির মালিককে চিহ্নিত করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও শিলিগুড়ি থানার পুলিশ।
পরে সংশ্লিষ্ট একটি পেট্রোল পাম্প থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, দুর্ঘটনার সময় সে-ই গাড়ি চালাচ্ছিল।
ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। দুর্ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল কি না ও অন্য কোনও কারণ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির পানিট্যাংকি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি দোষীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান।
পাশাপাশি শহরের রাতের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আরও কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
