বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র বিতর্ক ঘিরে ABVP-র বিক্ষোভ

মেদিনীপুর, ২৪ জুলাই: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির ছাত্র সংগঠন ABVP।

প্রশ্নপত্রে বিতর্কিত শব্দচয়ন নিয়ে ABVP-র দাবি, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে, যা ইতিহাস বিকৃতির সামিল। তাঁরা উপাচার্য দীপক কুমার করের পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দিতে গেলে, অভিযোগ, উপাচার্য তাঁদের এড়িয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এর পরেই বিক্ষোভ আরও তীব্র আকার নেয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এটি অনিচ্ছাকৃত ভুল এবং সংশ্লিষ্ট অধ্যাপক নির্মল মাহাতোকে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে মডারেটর টিম থেকেও অধ্যাপক প্রসেনজিৎ ঘোষকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংস্থা এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন ভুল না হওয়ার আশ্বাস দেন। তবে ABVP জানিয়েছে, যতদিন না উপাচার্য পদত্যাগ করছেন, ততদিন আন্দোলন চলবে।