ডায়মন্ড হারবার থেকে আগামী লোকসভা নির্বাচন ২০২৯-এর জন্য বিশাল ব্যবধানে জয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, এবার তিনি ৮ লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতবেন।
এদিন ডায়মন্ড হারবারের সাতগাছিয়ার শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে ‘নিঃশব্দ বিপ্লব,২০২৫’ বইয়ের উদ্বোধন করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে? এখনও চার বছর সময় রয়েছে। আবার তো উনিশে নির্বাচন, লোকসভা। চার বছর সময় আছে ভাবার। ভালো করে ভাবুন। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান তা বাড়াব। মানুষের ওপর আস্থা রয়েছে। ৭ লক্ষ ১০ হাজারের বেশি ব্যবধান, এটা আমরা ৮ লক্ষ করব।”
তিনি আরও বলেন, “অনেকে অনেক কথা বলেছিল, ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। সংগঠন দুর্বল হয়ে গেছে। কিছু বিধায়ককে নিয়ে গিয়েছিল দল ভাঙাবে বলে। তাদের বাড়া ভাতে ছাই পড়ল। ২০১৪ সালে যা ব্যবধান ছিল, ২০১৬ সালে বেড়েছে। ২০১৬, ২০১৯, ২০২১ – ক্রমবর্ধমান ব্যবধান বেড়েছে। বাংলার রেকর্ড… বাংলার মানুষ তাদের বাড়া ভাতে ছাই ফেলে আমাকে আশীর্বাদ করেছেন।”
