নিউ জলপাইগুড়ি থানার পুলিশের বিশেষ ড্রাইভে আবারও সাফল্য। শুক্রবার শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন মোড়বাজার ব্রিজের উপর থেকে দেশি মদ সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম আরিফ হোসেন, তার বাড়ি কোচবিহারের শীতলকুচিতে। পুলিশ সূত্রের খবর, শিলিগুড়িতে ঘর ভাড়া নিয়ে থাকত আরিফ।
পুলিশ সূত্রে আরো জানা যায়, গোপন সূত্রে খবর আসে যে বেআইনিভাবে মদ কিনে বাড়ি ফেরার চেষ্টা করছে এক ব্যক্তি। সেই খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মোড়বাজার ব্রিজ এলাকায় নাকা চেকিং বসায়। কিছুক্ষণ পর সন্দেহভাজন আরিফকে থামিয়ে তল্লাশি চালানোর পর তার কাছ থেকে দেশি মদের বোতল উদ্ধার হয়।
ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করা হয়। বেঙ্গল এক্সসাইজ আইনের ধারায় তাকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে, শিলিগুড়িতে ঘর ভাড়া নিয়ে বেআইনি মদ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল আরিফ।
এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
