নে*শার টাকার বচসা থেকে ম*র্মান্তিক পরিণতি! শিলিগুড়ির নরেশ মোড়ে বাবার হাতে যুবকের মৃ*ত্যু

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন নরেশ মোড় এলাকায় পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গে হাতাহাতির পর মৃত্যু হল ২৬ বছরের যুবক নিমাই পালের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমাই পাল দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল।

অভিযোগ, প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মায়ের উপর চাপ সৃষ্টি করে অশান্তি করত। বৃহস্পতিবার সন্ধ্যায় সে মায়ের কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয় ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, নিমাই তার মাকে মারধর শুরু করে।

এই সময় তাকে বাধা দিতে এগিয়ে আসেন বাবা নীলকান্ত পাল। এরপর বাবা-ছেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে নিমাই ছিটকে পড়ে গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অভিযুক্ত বাবা নীলকান্ত পালকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর একাংশের মতে, পরিবারে দীর্ঘদিন ধরেই ছেলের নেশার টাকা চাওয়া নিয়ে অশান্তি চলছিল।