ব্যস্ত নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন নেতাজি মোড় এলাকায় এক ভবঘুরেকে কুয়োর ভেতর থেকে উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়দের তৎপরতা ও দমকল বাহিনীর দ্রুত অভিযানে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি।
সকালে কুয়োর ভেতর থেকে সাহায্যের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নজরে আনেন। প্রথমে নিজেরাই উদ্ধারকাজে নামার চেষ্টা করেন তাঁরা, কিন্তু কুয়োর গভীরতা ও ঝুঁকির কারণে সম্ভব হয়নি।
এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকল বিভাগে।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সরঞ্জামের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় গুরুতর আহত অবস্থায় ওই ভবঘুরেকে কুয়ো থেকে তোলা হয়। উদ্ধার হওয়ার পর তাঁকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবঘুরেকে প্রায়শই এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। কীভাবে তিনি কুয়োর মধ্যে পড়ে গেলেন, তা এখনও পরিষ্কার নয়।
দুর্ঘটনা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
