প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, থমকে মিড-ডে মিল

শিলিগুড়ি পুরনিগমের ২৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভক্তিনগর শহীদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা। তিন দিনের স্কুল ছুটির (শুক্র, শনি ও রবি) সুযোগ নিয়ে চোরের দল স্কুলে হানা দেয় সাথে একের পর এক গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

স্কুল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর সুইচ বোর্ড খুলে নিয়ে যায় যাবতীয় বৈদ্যুতিক তার, ফ্যান, রানিং ওয়াটারের পাম্প সহ হ্যান্ড পাম্পও। এমনকি মিড-ডে মিলের রান্নার ব্যবস্থায় ব্যবহৃত জলের পাম্পও তুলে নিয়ে যায় চোরেরা। এর ফলে স্কুলে এখন মিড-ডে মিলের রান্নাও বন্ধ হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ ঘোষ জানান, “এর আগেও একবার চুরি হয়েছিল। তবে এবার চোরেরা আরও বড়সড় চুরি করে নিয়ে গেছে। মিড-ডে মিল চালু রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

ঘটনার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিতভাবে জানানো হয়। প্রধান শিক্ষক দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।