পাখি মারার সন্দেহে ৯ জন নাবালক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল চা শ্রমিকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের রায়পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রায়পাড়ার ৯ জন কিশোর চা বাগানের সাতভাইয়া ডিভিশনের একটি এলাকায় ঘুরতে গিয়ে একটি মৃত পাখি দেখতে পায়। তারা সেটিকে হাতে নেওয়ার পরই, চা বাগানের কর্মী তাদের দেখতে পাই। এরপর তিনি ওই কিশোরদের পাখি মারার অভিযোগে আটক করে মারধর করেন বলে অভিযোগ।
শুধু মারধরই নয়, পরে কিশোরদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অর্থও দাবি করেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের লোকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে। এদের মধ্যে ৯ বছর বয়সী এক কিশোর আশঙ্কাজনক অবস্থায় নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার পরেই অভিযুক্ত নন্দলাল রাউতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতদের পরিবার। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
এদিকে, গোটা ঘটনার ভিত্তিতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
