নতুন করে চুক্তি হলো দুই দেশের মধ্যে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামোতে ঐকমত্যকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একে দুই দেশের জন্যই “দারুণ খবর” বলে অভিহিত করেছেন।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও মজবুত করতে তাঁর ব্যক্তিগত অঙ্গীকার এই কাঠামোর মধ্যেই প্রতিফলিত হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই চুক্তির কাঠামো দুই দেশের অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা, পারস্পরিক আস্থা ও গতিশীলতার পরিচয় দেয়। নরেন্দ্র মোদি বলেন, এই অন্তর্বর্তী চুক্তির কাঠামো ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে শক্তিশালী করবে।

এর ফলে দেশের কৃষক, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), স্টার্টআপ উদ্ভাবক, মৎস্যজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে মহিলা ও যুব সমাজের জন্য বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদী।